পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
- আপডেট সময় : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর কর্মী-সমর্থকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কর্মী-সমর্থকেরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে এমআর কলেজ মোড়ের দিকে আসেন। এ সময় সেখানে অবস্থানরত পানি সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি হাতে মহাসড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে স্থানীয়দের ভাষ্য।
সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে রাতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, হাসপাতালে মোট ১১ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আহতদের অনেকের মাথায় আঘাত রয়েছে। রাজনৈতিক সংঘর্ষে তাঁরা আহত হয়েছেন বলে জানা গেছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















