পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১০:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বিএসএফের পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশিদের ব্যবহৃত চারটি নৌকা বিএসএফ সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলটি সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল এলাকায়।
বিজিবি সূত্রে জানা গেছে, কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে বাংলাদেশি নাগরিকদের ব্যবহৃত চারটি নৌকা নদীর পাড় থেকে বিএসএফ সদস্যরা তাঁদের ক্যাম্পে নিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, ঘটনাটি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, এর আগেও একাধিকবার বাংলাদেশি নাগরিকেরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করেছেন। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে তাঁদের একাধিকবার সতর্ক ও নিষেধ করা হয়েছে।
এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে জন্য ঘটনাস্থলসহ সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



















