লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ
ইউসুফ হোসাইন:
নাটোরের লালপুরে এক নারী উদ্যোক্তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা দিতে রাজি না হওয়ায় কুপ্রস্তাব এবং পরবর্তীতে তার জমির গাছপালা ও ফসল কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামের শাহনাজ বেগম নামে ওই নারী লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন-একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনসার আলীর ছেলে মো. আশিক হোসেন এবং জহির উদ্দিনের ছেলে মো. বুলন হোসেন।
অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, বিভিন্ন সময় বিএনপি কর্মী পরিচয়ে আশিক ও বুলন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেওয়া হয়। তাতেও রাজি না হওয়ায় বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লাগানো এবং ঘরের চালে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
শাহনাজ বেগম আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিলে আশিকের বাবা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনসার আলী স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলেন। তবে কোনো সমাধান হয়নি। এরপর চাঁদা না পেয়ে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে দাবি তার।
অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা তার আবাদি জমিতে থাকা প্রায় ১০টি আমগাছ, দুটি মেহগনি গাছ, প্রায় ২০০টি জ্বালানি গাছ, ১০০টি শিমগাছ, ১৫০টি মরিচগাছ এবং ৫০টি কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. আশিক হোসেন। তিনি বলেন, ওই নারী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। প্রতিপক্ষের লোকজন গাছ কাটার ঘটনা ঘটিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















