বিদ্যুৎ খাতের সংকট কাটাতে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ খাতের সংকট কাটাতে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
বিগত সময়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সংকট থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। বর্তমান সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং এ জন্য জাতির কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন।
ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বিদ্যুতের ঘাটতি পূরণে বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তি, সমষ্টিগত উদ্যোগ ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। তাই মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। তিনি মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিতভাবে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন।
পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে. এম. আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন।



















