পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সম্প্রসারিত ১৫০ শয্যার ভবনে দ্রুত চিকিৎসাসেবা চালুর উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, চেম্বার অব কমার্সের সভাপতি মো. শরিফ হোসেন, সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে আগামীতে একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের চিকিৎসকদের অনেকেই এ অঞ্চলে চাকরি করতে আগ্রহী। তবে চিকিৎসকদের জন্য ভালো কর্মপরিবেশের পাশাপাশি তাদের সন্তানদের জন্য মানসম্মত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করাও জরুরি।
হাসপাতালের সম্প্রসারিত ভবনে দ্রুত চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “হাসপাতাল চালু করতে না পারলে, আমি যদি কাজ করতে না পারি, তাহলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এক সেকেন্ডও থাকার ইচ্ছা নেই। এ জন্য সবার সার্বিক সহযোগিতা চাই।”
তিনি আরও বলেন, পঞ্চগড়ের রোগীদের যেন চিকিৎসার জন্য ঠাকুরগাঁও বা অন্য কোথাও যেতে না হয়, সেটিই তাঁর লক্ষ্য। নতুন সম্প্রসারিত ভবনে দ্রুত চিকিৎসা কার্যক্রম চালুর বিষয়ে তিনি জাতীয় পর্যায়ে বিষয়টি তুলে ধরেছেন বলেও জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন ভালো আচরণ করেন, সেটিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সারজিস আলম বলেন, “আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু উন্নয়নে এক থাকব।” পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জেলার মানুষের স্বার্থে স্বাস্থ্যসেবার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


















