পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
- আপডেট সময় : ১১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
চলমান গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং ও মূল্যবৃদ্ধিসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়া, জামায়াতের জেলা আইটি প্রচার, মিডিয়া ও মানবসম্পদ বিভাগীয় সভাপতি এবং কর্মপরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য সফিউল আলম (সফিউল্লাহ), জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিমুল আসাদ, জেলা জাপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব ও জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মীর মোর্শেদ তুহিনসহ জোটের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, চলমান গ্যাস সংকট দ্রুত নিরসন, বিদ্যুতের লোডশেডিং ও মূল্য কমানো, জ্বালানি খাতে অপচয় ও দুর্নীতি বন্ধ এবং নিত্যপণ্যের মজুতদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তারা বলেন, জনদুর্ভোগ কমাতে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে জনগণের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
পরে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান জোটের নেতারা।














