পঞ্চগড়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শত শত মানুষ জীবন দিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিকও ছিলেন। পঞ্চগড় জেলায় ওই সময় পাঁচজন নিহত হন, যাঁদের মধ্যে দুজন শ্রমিক ও দুজন শিক্ষার্থী ছিলেন বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, ছাত্র-জনতা ও শ্রমিকরা বৈষম্য দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে রক্ত দিয়েছেন। কিন্তু তাঁদের অভিযোগ, এখনো শ্রমিকদের ওপর নির্যাতন ও বৈষম্য পুরোপুরি বন্ধ হয়নি।
তাঁরা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, মানুষের অধিকার আদায়ের দাবিকে উপেক্ষা করা হলে আবারও রাজপথে আন্দোলন গড়ে উঠতে পারে। একই সঙ্গে তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের শুরা সদস্য তোফায়েল প্রধান এবং জামায়াতের শহর আমির জয়নাল আবেদীনসহ অন্যরা।
এর আগে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।









