পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- আপডেট সময় : ০৯:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
পঞ্চগড়ে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোনের সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শিংরোড় বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার জাহানুর ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ৭৬৫ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার নতুন রতনীবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমুল ইসলামের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোনের সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















