মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
নওগাঁর মান্দায় এতিমখানাগুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি ওসমানগণি শিশু সদন প্রাঙ্গণে মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা এরশাদ আলী, মাওলানা আতাউর রহমান এবং মাওলানা মামুনুর রশীদ।
সভায় বক্তারা বলেন, এতিম শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে শিশু সদনগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এতিম শিশুদের লালন-পালন, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। শিশু সদনগুলোকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি এতিম শিশুদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং শিশু সদনগুলোর উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


















