নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু
নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















