নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১৭২ বার পড়া হয়েছে

নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পন্ন
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উত্তরায় ট্রাকের চাপায় প্রাণ হারান ওয়াসিফুল আল আজাদ সৌরভ
নাটোরের বিশিষ্ট শিল্পপতি ও এস এস ফিডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দীনের একমাত্র ছেলে ওয়াসিফুল আল আজাদ সৌরভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার উত্তরার জসীমউদ্দিন এলাকায় মোটরসাইকেলে করে নাটোরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সৌরভ নয় মাস বয়সী এক পুত্রসন্তানের জনক ছিলেন।
পরিবারের সদস্যদরা জানান, সৌরভ নিয়মিত বিমানযোগে যাতায়াত করলেও এবার নিজের শখের মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে ফিরছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সৌরভের লাশ নাটোরে পৌঁছালে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে। এদিন বাদ আছর নাটোর চিনিকল সংলগ্ন এস এস ফিডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও নিজ বাসভবন চত্বরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব লালপুর উপজেলার গোপালপুরে দ্বিতীয় জানাজা শেষে গোপালপুর কেদ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ওয়াসিফুল আল আজাদ সৌরভের অকাল মৃত্যুতে নাটোরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক, ব্যবসায়িক ও বিভিন্ন মহলে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।























