রামগঞ্জে দোকানের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫
- আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে

রামগঞ্জে দোকানের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫
ঈদের পোশাক কিনতে এসে মায়ের সামনে প্রাণ গেল ফাহাদ হোসেনের
লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ তার মায়ের সঙ্গে ঈদের নতুন পোশাক কিনতে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় আসেন। এ সময় তারা কাজী হোটেলের পাশে আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দোকানের সংস্কার কাজ চলমান অবস্থায় অরক্ষিত একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















