রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩১০ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রোববার (৮ মার্চ) বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত শনিবার রাতে শিরোইন কাঁচাবাজার এলাকায় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করা হয়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
বক্তারা বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
তারা অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িত নূর ইসলাম মিলন ও সুরুজ আলীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা কাজী শাহেদ, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দৈনিক খোলা কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন সাগরসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।























