শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ পরিবারকে ৩৮ লাখ টাকার আর্থিক সহায়তা
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে

শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ পরিবারকে ৩৮ লাখ টাকার আর্থিক সহায়তা
বিআরটিএ’র দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল থেকে নিহত ৭ পরিবারকে ৫ লাখ করে ও আহত এক পরিবারকে ৩ লাখ টাকা প্রদান
শেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নিহত ৭ পরিবারের প্রত্যেককে ৫ লাখ করে এবং আহত ১ পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি বলেন, মোটরসাইকেলসহ সকল যানবাহন চালকদের আরও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। অবৈধ বা ড্রাইভিং লাইসেন্সবিহীন যান চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জি এম নাদির হোসেন বলেন, দক্ষ চালকের অভাব ও যান ব্যবহারকারীদের অসচেতনতার কারণে সড়কে প্রতিদিনই মূল্যবান প্রাণহানি ঘটছে। দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয় পক্ষকেই সচেতন হতে হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় হতাহত পরিবারের সহায়তায় সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের প্রকল্প চালু রয়েছে। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে অনুদান প্রদান করা হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নিহত ৭ পরিবারকে ৫ লাখ করে মোট ৩৫ লাখ এবং আহত এক পরিবারকে ৩ লাখসহ মোট ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই অর্থ প্রদান করা হয়েছে বিআরটিএ’র দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল থেকে।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স ও বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি) জি এম নাদির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















