সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা
- আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা
লালমনিরহাট প্রতিনিধিঃ
পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে এ অবরোধ করা হয়।
কৃষকরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে কথিত সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর কৃষকরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যান।
লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। হাতীবান্ধার একটি ইউনিয়নে সার ছাড়ার কথা শুনে কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সারের সংকট নেই। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।























