ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু- পরিবারে শোকের ছায়া
- আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু- পরিবারে শোকের ছায়া
ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জুবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকালে সদর উপজেলার ভেলাজান ঋষিপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু জুবায়ের ওই এলাকার মোঃ ইমরান আলী (সাগর)-এর একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় ছোট্ট জুবায়ের। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। শিশুর অকাল মৃত্যুতে পুরো ভেলাজান এলাকায় নেমে এসেছে নীরবতা ও বিষাদের আবহ।
স্থানীয়রা বলছেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়া দরকার। পুকুর, খাল, জলাশয় বা পানির ধারে শিশুদের একা খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”




















