মোহনপুরে নিখোঁজের ছয়দিন পর ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

মোহনপুরে নিখোঁজের ছয়দিন পর ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পর ডোবা থেকে কৃষক আলতাফ শাহের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে মোহনপুর উপজেলার তুলশিক্ষেত্র বিলকুমারী বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, চাচা রুস্তম আলী ও চাচাতো ভাই শরিফুল ইসলামের জমির পাশেই আলতাফ শাহের জমি হওয়ায় গত ৯ মার্চ রাতে ধুরইল সরকার পুকুর বিলে তাদের সাথে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। কিন্তু ওই রাতে আলতাফ আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজসাদৃশ্য মাংস দেখতে পান। এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোটা ফোটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজসাদৃশ্য মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কি না তা পরীক্ষার জন্য পাঠানো হয়। ঘটনার দিন থেকে রুস্তম আলী, ছেলে শরিফুল ইসলামসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রোববার বেলা ১১টার দিকে আলতাফের জমি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা। তারা গিয়ে মাথা থেতলানো একটি লাশ পান। খবর পেয়ে নিখোঁজ কৃষক আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা শনাক্ত করেন এটি আলতাফ হোসেনেরই লাশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে আছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।




















