নাটোরে ১৮ বাড়িতে অগ্নি সংযোগ মামলায় দুলুসহ ৯৪ আসামী খালাস
- আপডেট সময় : ০২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

নাটোরে ১৮ বাড়িতে অগ্নি সংযোগ মামলায় দুলুসহ ৯৪ আসামী খালাস
নাটোরের নলডাঙ্গার রামশার কাজীপুরে ১৮ বাড়িতে গান পাউডার ছিটিয়ে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় দন্ডপ্রাপ্ত আসামী বিএনপির কেন্দ্রিয় সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ আসামীকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল ইসলাম মুক্তা জানান, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে একই গ্রামের আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে নলডাঙ্গা থানায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ। মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৬ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে আপীল করেন দন্ডপ্রাপ্ত আসামী রুহুল কুদ্দুস তালুকদার দুলসহ ৩০ জন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তিকৃত মামলার আপীল শুনানী শেষে আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক দন্ডপ্রাপ্ত সকল আসামীদের খালাস প্রদান করেছেন।
এমন রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন আসামী পক্ষের আইনজীবি শরীফুল ইসলাম মুক্তা।























