নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিক আটক
- আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩৯৩ বার পড়া হয়েছে

নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে পল্লী চিকিৎসক ও ফার্মেসী মালিক আটক
নাটোরের একটি ফার্মেসীতে মাথার টিউমার অপারেশের সময় ভুল চিকিৎসায় আসিফ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপারেশন করা পল্লী চিকিৎসক ছেলে হাবিবুর রহমান হাবিব ও ফার্মেসী মালিক বাবা হাচেন আলীকে আটক করে পুলিশ ও সেনা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৮ আগস্ট) বিকেলে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড় এলাকায় অবস্থিত রেনু ফার্মেসীতে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
শিশুর পিতা আসাদুল ইসলাম জানান, শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায়। পরে তারা পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সাথে পরামর্শ করলে পল্লী চিকিৎসক হাবিব টিউমার অপারেশন করার জন্য বলেন। পল্লী চিকিৎসক হাবিব শিশুটিকে নিয়ে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড় এলাকার রেনু ফার্মেসীতে আসতে বলেন। শিশু সন্তানকে নিয়ে শিশুর বাবা, মা ও স্বজনরা রেনু ফার্মেসীতে আসেন। পরে দুপুরে শিশুর মাথার টিউমার অপারেশন করা হয়। এ সময় চিকিৎসকের ভুল অপারেশনে শিশুটি মারা গেলে শিশুটিকে ঘুমের ইনজেকশন দিয়ে জানান শিশুটি এখন ঘুমাচ্ছে আপনারা বাড়ী নিয়ে যান। চিকিৎসকের কথায় এলোমেলো মনে হলে তারা সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনা বাহিনীর সদস্য সহ পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফার্মেসী মালিক হাচেন আলী ও তার ছেলে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি কেউ। অভিযোগের পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।























