রাণীশংকৈলে ফুপুর বাড়ি থেকে ফেরা হলো না মাদ্রসা শিক্ষার্থী উসার
- আপডেট সময় : ০৩:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ফুপুর বাড়ি থেকে ফেরা হলো না মাদ্রসা শিক্ষার্থী উসার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত উসা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলী ও শিউলি দম্পত্তির এক মাত্র মেয়ে। উসা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২২) আগস্ট দুপুর তিন টায় উসা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ বাড়িতে ফেরার সময় গোগোর ঈদগাঁহের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উসার মৃত্যু খবর টি নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। নিহত উসা আক্তার দুই ভাই বোনের মধ্যে সবার ছোট।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















