গুরুদাসপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পি-টি-য়ে হ/ত্যা
- আপডেট সময় : ০৮:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পি-টি-য়ে হ/ত্যা
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চোর সন্দেহে উজির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে নিহত ব্যক্তির মরদেহটি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় সড়কের পাশে পাওয়া যায়। নিহত উজির আলী পাশ্ববর্তী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের কালিনগর গ্রামের খোরশেদ মাদারের ছেলে।
স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। তিনি সোমবার দিনব্যাপী অটো চালানোর পর রাতে নিজ ঘরে অটোরিক্সা চার্জে দিয়ে পরিবারের সদস্যদের সাথে ঘুমাতে যান। পরে রাত তিনটার দিকে চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে উজির আলীকে ধরে ফেলে। এসময় চোর সন্দেহে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বীরবাজার এলাকার একটি রাস্তার পাশে উজির আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























