রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত
- আপডেট সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত
রাজশাহী নগরীতে ময়লার স্তুপে বল ভেবে ককটেল নিয়ে খেলা করার সময় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে নগরীর টিকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার আলমগীরের ৭ বছরের ছেলে আব্দুল্লাহ ও শাহীনের ৮ বছরের ছেলে সাবাব। আহত শিশুদের মেডিক্যালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেখানে ৮ থেকে ১০ টি তাজা ককটেল উদ্ধার করেন।
পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়। ককটেল বিস্ফোরণে আহত হয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কোটা আন্দোলনের সময় এই ককটেলগুলো তৈরী করা হয়। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।























