রাণীশংকৈলে কুলকি নদীতে ঝাঁপ দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!
- আপডেট সময় : ০৩:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কুলকি নদীতে ঝাঁপ দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত সাহা নামে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিখোঁজের চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে রাণীশংকৈল পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে। পরে রাত ৮ টার দিকে রংপুর ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত সঞ্জয় মহন্ত সাহা উপজেলার পৌর এলাকার ডাবতলী শিবমন্দির পাড়া গ্রামের অমল ঘোষের ছেলে। সে রাণীশংকৈল পাইলট স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল বলে জানা গেছে।
সঞ্জয় মহন্ত সাহা’র বন্ধুদের বরাত দিয়ে তার পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার দিকে পরীক্ষা শেষে সঞ্জয় মহন্ত প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে কুলিক নদীতে তার এক খেলার সাথিকে গোসল করতে দেখে সঞ্জয় গোসল করার উদ্দেশ্য পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদীর ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। ঝাপ দেওয়ার পর সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঞ্জয় দেখতে না পেয়ে তার পরিবারে এবং স্থানীয়দের খবর দের তার বন্ধুরা। পরিবারের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও সঞ্জয়’র কোনো সন্ধান না পেয়ে রংপুর ডুবুরি দলকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল ফায়ার সার্ভিস অফিসার নাসিম ইকবাল ও টিম লিডার তোজাম্মেল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় নদীর পানিতে খোঁজাখুঁজি করে তারা স্কুল ছাত্রের কোন সন্ধান পাননি। অন্ধকার হওয়ার কারনে কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ থাকে। পরে রংপুর থেকে ডুবুরি দল এলে আবারও উদ্ধার কাজ শুরু হয়। পরে রাত ৮টার দিকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী সঞ্জয়’র মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
এদিকে স্কুল শিক্ষার্থী সঞ্জয় মহন্ত সাহার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। গোটা এলাকায় নেমে এসেছে শোকের মাতম।




















