মহাদেবপুরে সাপের কামড়ে আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা
- আপডেট সময় : ০৩:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

মহাদেবপুরে সাপের কামড়ে আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা
সারা দেশের মত নওগাঁর মহাদেবপুরেও সাপের উপদ্রব বেড়ে চললেও সাপে কাটা রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে তেমন উৎসাহ দেখাচ্ছেন না। বরং তারা স্থানীয় ওঝা দিয়ে ঝাড় ফুঁক দিতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন। বিগত সময়ে বছরের পর বছর ধরে সরকারি হাসপাতালে এন্টিভেনম না থাকা, খোলা বাজারে না পাওয়া, হাসপাতালে সংশ্লিষ্টদের ভালো ব্যবহার না পাওয়া প্রভৃতি কারণে দিনে দিনে এই অনীহার সৃষ্টি হয়েছে। এখন সরকারি হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রয়েছে এবং যেকোন সাপে কাটা রোগীর ভালো চিকিৎসা হচ্ছে। তবে সারাদেশের আলোচনার মধ্যেও উপজেলার কোথাও রাসেলস ভাইপারের উপস্থিতি টের পাওয়া যায়নি। অনেকে বিষহীন জলবোরা সাপকে রাসেলস ভাইপার বলে ভূল করে আতঙ্ক ছড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে মহাদেবপুরে তিন দিনে তিনজন সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। শনিবার (২২ জুন) সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর গ্রামে নিজের ঝালের ক্ষেতের জমে থাকা পানি বের করে দেয়ার সময় মাহতাব আলী মন্ডল (৬০) নামে এক কৃষককে কেউটে সাপে কামড় দেয়। ওই কৃষক কোদাল দিয়ে কেটে গর্ত থেকে ওই সাপটিকে বের করে মেরে ফেলেন। তাকে চিকিৎসার জন্য প্রথমে ওঝার খোঁজ করা হয়। দু’ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন রাতে উপজেলার খাজুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে অজিত চন্দ্র (৬০) নামে একজনকে সাপে কামড় দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিন দিনের চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে উঠেন। এছাড়া ২৪ জুন দুপুরে সদর ইউনিয়নের হাসানপুর গ্রামে খাতিজা বেগম (২৫) নামে এক গৃহবধূকে সাপে কামড়ালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্তু বিকেলে তিনি ওঝার কাছে ঝাড়ফুঁক দেয়ার জন্য হাসপাতাল ছেড়ে চলে যান।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম বলেন, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম ইঞ্জেকশন মজুদ রয়েছে। কিন্তু বেশিরভাগ সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয় ওঝাদের কাছে গিয়ে ঝাড়ফুঁক দেন। যেসব রোগীকে বিষহীন সাপে কামড়ায় তারা ঝাড়ফুঁকে ভালো হয়। কিন্তু বিষধর সাপে কামড়ালে সেসব রোগীকে তারা সেরে তুলতে পারেন না। নির্ঘাত তারা মারা যান। তিনি বলেন, ২২ জুন কৃষক মাহতাব আলীকে বিষধর কাল কেউটে সাপে কামড়ায়। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে এসে এন্টিভেনম ইঞ্জেকশন পুশ করা প্রয়োজন ছিল। কিন্তু কালক্ষেপণ করে তার মৃত্যুর পরই হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন রাতে অজিত চন্দ্র নামে যে রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাকে যে সাপ কামড়িয়েছিল সেটি বিষধর ছিলনা। তাই এন্টিভেনম পুশ করা ছাড়াই তিনি সুস্থ্য হয়েছেন। ২৪ জুন খাতিজা বেগম নামে যে রোগী এসেছিলেন তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মনে হয়নি যে তাকে কোন বিষধর সাপে কামড়িয়েছ। তাই তাকে এন্টিভেনম না দিয়ে সাধারণ চিকিৎসা দেয়া হয়। কিন্তু ওই নারী এন্টিভেনম দেয়ার দাবি জানান, অন্যথায় তিনি ওঝার চিকিৎসা নিবেন বলে জানিয়ে হাসপাতাল থেকে চলে যান।
ডা: খুরশিদুল ইসলাম জানান, গত দেড় বছরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের অভাবে কোন রোগী মারা যায়নি। বরং এই সময় সাধারণ চিকিৎসায় ১৪ জন সাপে কাটা রোগী সুস্থ্য হয়েছেন। তিনি যে কোন সাপ কামড়ালে কোন দেরি না করে সাথে সাথেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আহ্বান জানান।
এদিকে গত বুধবার (২৬) জুন দুপুরে উপজেলা সদরের কলোনীপাড়ায় মিজানুর রহমান নামে এক যুবক আত্রাই নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় জালে রাসেলস ভাইপার সদৃশ্য একটি সাপ উঠে আসে। সাপটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানা যায়, সাপটি আসলে বিষহীন জলবোরা সাপ।























