বাগাতিপাড়ায় হয়ে গেল পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার উৎসব!
- আপডেট সময় : ০৭:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৪১২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় হয়ে গেল পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার উৎসব!
ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে হয়ে গেল টিকিট কেটে পুকুরে ছিপ দিয়ে মাছ শিকারের উৎসব। শুক্রবার (২৪ মে) উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার ফজলুর রহমানের পুকুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মাছ শিকারের উৎসব। ওই এলাকায় দীর্ঘ দিন পরে এ ধরনের আয়োজন হওয়ায় তা দেখতে পুকুর পাড়ে এসে ভিড় করেছিলেন স্থানীয় ও অন্যন্য এলাকার শিশু সহ নারী-পুরুষ। আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, বগুড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৬ টি সিটে ৭৮ জন মাছ শিকারি বাহারী রঙের ছিপ দিয়ে মাছ শিকার করছেন। প্রতিটি সিট ১৫ হাজার টাকা হারে কিনেছেন তারা।
মাছ শিকার দেখতে আসা রাজশাহী চারঘাট এলাকার লালন ফিসিং জন এর স্বত্বাধিকার আসাদুজ্জামান লালন জানান এই এলাকায় মৎস শিকারের কথা শুনে তিনিও মাছ শিকার দেখতে এসেছেন। এ রকম মৎস শিকারের আয়োজন দেখে তিনি খুবই মুগ্ধ। তিনি তার নিজের পুকুরেও এমন আয়োজন করেন কিন্তু ফজলু সাহেবের আয়োজন তার কাছে অনেক ভালো লেগেছে।

সুদূর ঢাকার শান্তিনগর এলাকা থেকে মাছ শিকারে আসা ৪৭ বছরের আলাউদ্দিন আলী জানান, তিনি এই প্রথম আটজনের দল নিয়ে ঢাকার বাহিরে মাছ শিকার করতে এসেছিলেন। তিনি বলেন, সুন্দর মনোরম পরিবেশে মাছ শিকার করেছেন এবং বেশ কিছু মাছও পেয়েছেন তারা। তারা যে মাছগুলো পেয়েছেন সেগুলোর ওজন ১ কেজি ৪শত গ্রাম থেকে ৫-৭ কেজি। তিনি নিজের ছিপেও ৩ থেকে ৪ কেজি ওজনের ওজনের রুই, কালবাবুস, মৃগেল সহ বেশ কয়েকটি মাছ ধরেছেন। এর আগেও তিনি অনেক জায়গায় মাছ শিকার করেছেন কিন্তু এরকম সুন্দর পরিবেশ কখনও দেখেননি। তিনি মালিক পক্ষকে এই আয়োজনে করার জন্য ধন্যবাদ জানান।
মাছ শিকার দেখতে আসা বাগাতিপাড়া পৌর এলাকার রাশেদুল কবির নান্নু বলেন, তিনিও একজন ছোটখাট মাছ শিকারী। কোথাও মাছ শিকার হলে ঘরে বসে থাকতে পারেনা না। তাই ১৫ কিঃমিঃ দুর থেকে তিনি মাছ শিকার দেখতে এসেছিলেন। এই পুকুরের পরিবেশ এবং সাজসজ্জা দেখে তিনি মুগ্ধ।
বাগাতিপাড়া উপজেলার মৎস শিকার প্রেমী আল মামুন জানান, তিনি দূর দূরান্তে মাছ শিকারে গিয়েছেন, তবে আজকের খেলাটা অনেক ভালো লাগেছে। আয়োজকদের আয়োজন টি অন্তত ভালো ছিল। যে পরিমানের টাকা দিয়ে টিকিট ক্রয় করেছেন তার চেয়ে বেশি মাছ পেয়েছেন। এত সুন্দর আয়োজন করার জন্য তিনি আয়োজক কে ধন্যবাদ জানান।

দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব ইসলাম মিঠু মাছ শিকার দেখতে এসে জানান, বাগাতিপাড়া ছোট উপজেলা তেমন কোন বড় পুকুর নেই এছাড়াও এই উপজেলা পুকুর কাটা সরকারি ভাবে নিষেধ। তারপরও ছোট খাটো যে পুকুর গুলো রয়েছে সেগুলোতে অনেক দুর দুরান্ত থেকে মৎস শিকারে আসেন শিকারীরা। সেগুলো দেখতে আমাদের এলাকার অনেকেই আসেন, তিনিও এসেছিলেন কারণ বড়শি দিয়ে মাছ শিকার দেখতে তার অনেক ভালো লাগে।
পুকুর মালিক ফজলুর রহমান জানান, বিভিন্ন এলাকার মৎস্য শিকারিদের সাথে যোগাযোগ করে এবারই প্রথম টিকিটের মাধ্যমে মাছ ধরার আয়োজন করা হয়েছে। তার এই ৮ বিঘার পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালবাবুস মাছ আছে। সর্বোচ্চ ৯ কেজি ওজনের মাছ তার পুকুরে রয়েছে। অনেকই বড় বড় মাছ পেয়েছেন। মৎস শিকারীরা তার পুকুরে এসে দারুন খুশি। এক মাস পর পর এই আয়োজন করবেন বলে জানান তিনি।























