বাগাতিপাড়ায় এবার মহানুভবতার পরিচয় দিলেন সেই শিরিন-জিয়া দম্পতি!
- আপডেট সময় : ০২:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪৯৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় এবার মহানুভবতার পরিচয় দিলেন সেই শিরিন-জিয়া দম্পতি!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
করোনাকালে চিকিৎসার জন্য জমানো ১ লাখ টাকা কর্মহীন অসহায়দের মাঝে বিলিয়ে সাড়া ফেলেছিলেন নাটোরের বাগাতিপাড়ার শিরিন-জিয়া দম্পতি। এমনকি নিজেদের বাড়ি নির্মাণের জন্য কেনা ইট বিক্রি করে সেসময় ইফতারসামগ্রী বিতরণ করে আলোচিত হয়েছিলেন তারা। এবার সেই শিরিন-জিয়া দম্পতি রেল লাইনের ধারে কুড়িয়ে পাওয়া টাকাসহ পোশাকভর্তি ব্যাগ মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন।
বুধবার ১৭ এপ্রিল পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার নিজের বাড়িতে ওই ব্যাগের মালিকের হাতে তুলে দেন এই দম্পতি। শিরিন-জিয়া বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি রেলগেট এলাকায় রেলের পরিত্যক্ত জমিতে বসবাস করেন। পেশায় স্বামী জিয়াউর রহমান ঠিকাদারীর সহযোগী এবং শিরিন আক্তার আনসার-ভিডিপির পৌর ওয়ার্ড লিডার।
শিরিন জানান, তার স্বামী জিয়াউর রহমান মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ি সংলগ্ন রেল লাইনের ধারের লেবু বাগানে একটি ব্যাগ কুড়িয়ে পান। সেই ব্যাগে নগদ সাড়ে ৮ হাজার টাকা, নষ্ট মোবাইল ফোন, নতুন পোশাকসহ ব্যবহারের বিভিন্ন সামগ্রী ছিল। পরে দুজনের সিদ্ধান্ত মোতাবেক ব্যাগের মালিককে খুঁজতে শুরু করেন তারা। নষ্ট মোবাইলের ভেতরে থাকা সিমকার্ডের সূত্রধরে তারা ব্যাগের মালিক মোঃ শাকিলের সন্ধান পান। শাকিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী গ্রামের সাদেক আলীর ছেলে। পরে তারা বিষয়টি থানা ও স্থানীয় গনমাধ্যমকর্মীদের অবহিত করেন। বুধবার সকালে ব্যাগের মালিকসহ লোকজন তার বাড়িতে এলে ব্যাগের ভেতরের মানিব্যাগে থাকা ছবি দেখে মালিককে নিশ্চিত করেন এবং পুলিশের অনুমতিতে স্থানীয়দের উপস্থিতিতে টাকাসহ মালামাল তুলে দেন।
ব্যাগের মালিক শাকিল জানান, তিনি ঢাকার মতিঝিলে একটি ছাপাখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ির সদস্যদের জন্য নতুন পোশাক কিনে গত ৯ এপ্রিল লালমনি একপ্রেস ট্রেনযোগে রংপুরে বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনটি বাগাতিপাড়ার ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করেই ব্যাগটি ট্রেন থেকে নিচে পড়ে যায়। পরে বাগাতিপাড়া এলাকায় এসে খুঁজেছেন কিন্তু পাননি। অবশেষে মঙ্গলবার রাতে শিরিনের ফোন পান। রংপুর থেকে দুই বন্ধুকে সাথে নিয়ে এসে টাকাসহ ব্যাগের সব মালামাল ফেরত পান। এজন্যে তিনি শিরিন-জিয়া দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তাদের হাতে উপহার স্বরূপ অর্থ তুলে দিতে চাইলে এই দম্পতি নিতে অস্বীকৃতি জানান।
শাকিলে সঙ্গে আসা বন্ধু গনমাধ্যমকর্মী সাকিব জানান, কুড়িয়ে পাওয়া টাকাসহ পোশাকভর্তি ব্যাগ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন শিরিন-জিয়া দম্পতি। এমন ঘটনায় তারা ওই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, শিরিন আক্তার দীর্ঘদিন থেকে হার্ট, কিডনি এবং মেরুদন্ডের অসুখে ভুগছেন। ভারতে নিয়মিত চিকিৎসা নেন তিনি। ব্যক্তিগত জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।























