মান্দায় মদপানে তিন যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি-১, এলাকায় চাঞ্চল্য!
- আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৩৮৯ বার পড়া হয়েছে

মান্দায় মদপানে তিন যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি-১, এলাকায় চাঞ্চল্য!
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু ও একজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১১ এপ্রিল রাতে উপজেলার বিলউরাইল এলাকার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত যুবকেরা হলো- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ২২ বছরের ছেলে শারিকুল ইসলাম পিন্টু, পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ২২ বছরের ছেলে আশিক হোসেন ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ২০ বছর বয়সী ছেলে নাঈমুর রহমান নিশাত। এ ঘটনায় নাহিদ নামে আরও একজন গুরুত্বর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তারা সকলেই কলেজ পড়ুয়া ছাত্র বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে চার যুবক এক সঙ্গে মাদপান করে। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিকের মৃত্যু হয়। শারিকুল ইসলাম পিন্টু ও নাঈমুর রহমান নিশাতকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ নাহিদকে রামেক হাসপাতালে পাঠনো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে থনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।























