নাটোরের দুই উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু!
- আপডেট সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

নাটোরের দুই উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের দুই উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু! নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে ১৯ বছর বয়সী উর্মি খাতুন পানিতে ডুবে ও বড়াইগ্রামে নিজ বাড়িতে মাটির দেয়ালে চাপা পড়ে ৫০ বছর বয়সী আম্বিয়া খাতুন নামে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে লালপুর উপজেলার ধুপইল চকপাড়া এলাকা ও বিকেলে বড়াইগ্রামের জালশুকা গ্রামে এই দুইটি ঘটনা ঘটে। উর্মি ওই এলাকার রাজমিস্ত্রী মিনাউলের স্ত্রী এবং আম্বিয়া খাতুন ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী। উর্মির ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনজুরুল আলম পানিতে ডুবে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে ধুপইল চকপাড়া এলাকার উর্মি খাতুনসহ তিন নারী বড়াল নদীতে গোসল করতে নামেন। এসময় উর্মি খাতুন নদীতে ডুব দিলে সাঁতার না জানায় পনিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই নারীর সন্ধান না পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন তারা। পরে রাজশাহী থেকে ৫ সদস্যের একটি ডুবুরী দল এসে নিখোঁজের ৫ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দুর হতে উর্মির মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার জালশুকা গ্রামের আম্বিয়া খাতুন নামে ওই নারী নিজ বাড়িতে ঘরের মাটির দেয়াল মেরামত করছিলেন। এসময় বাড়ির একটি মাটির দেয়াল ভেঙ্গে তার গায়ের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলেও জানান ওসি আবু সিদ্দিক।























