বাগাতিপাড়ায় সড়ক বন্ধ করে মানববন্ধন, মেয়রের আশ্বাসে কর্মসূচী স্থগিত!
- আপডেট সময় : ১১:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সড়ক বন্ধ করে মানববন্ধন, মেয়রের আশ্বাসে কর্মসূচী স্থগিত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় সড়ক বন্ধ করে মানববন্ধন, মেয়রের আশ্বাসে কর্মসূচী স্থগিত! দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে নাটোরের বাগাতিপাড়ায় প্রধান সড়ক দিয়ে। তারই প্রতিবাদে গাছ ফেলে সড়ক বন্ধ করে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার (২ জুলাই) সকালে প্রায় এক ঘন্টা সময় ধরে উপজেলার পৌরসভার সোনাপাতিল এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে পৌরসভার মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন ঘটনাস্থলে এসে তাদের সড়ক সংস্কারের আশ্বাস দিলে গাছ সরিয়ে মানুষ চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি উপজেলার প্রধান ও জনগুরুত্বপূর্ণ সড়ক। তারপরও দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। অথচ সড়কটি দিয়ে প্রতিদিন কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থী, উপজেলার সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগীর গাড়ি, আশেপাশের কয়েকটি উপজেলার হাজার-হাজার মানুষ ও গাড়ি চলাচল করে। এসময় সড়কের বড়ো গর্ত গুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হন চলাচলকারীরা। আবার সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। চলাচলের সময় মানুষের পোশাক কাদায় মেখে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অটোভ্যান ও ইজিবাইক চালকেরা। অতিদ্রুত সময়ে সড়কটির সংস্কারের দাবি জানান মানববন্ধনের বক্তারা। তারা হুশিয়ারি দিয়ে বলেন, তাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে না মানলে কঠোর কর্মসূচির গ্রহণ করা হবে।
স্থানীয় সাথী খাতুন বলেন, সড়কটির এমনই বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টি হলেই ছেলে-মেয়েরা পর্যন্ত স্কুল-কলেজে যেতে পারেনা। মানুষ চলাচলের কোনরকম পরিস্থিতি থাকে না। তাই যথাযত কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
সোনাপাতিল মহল্লার রুহুল আমীন সরকার বলেন, মেয়র মহোদয়ের আশ্বাসে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে স্থানীয়দের নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে উপস্থিত হয়ে পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, পৌরসভাটি ছোট হওয়ায় বরাদ্দ খুবই কম। ফলে ব্যয়বহুল এই বড় সড়কটির কাজ করা সম্ভব হচ্ছেনা। তবে জন দুর্ভোগের কথা চিন্তা করে দুই-একদিনের মধ্যেই ইট ফেলে সড়কটি মানুষের চলাচলের উপযোগী করা হবে। এবং আর সিসি ঢালাই দিয়ে সড়ক নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপজেলা প্রকৌশল দপ্তরের সাথে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি তা বাস্তবায়ন করা সম্ভব হবে।























