সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ০৪:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুল ডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের দুই বছরের মেয়ে হাবিবা এবং কলমু ডাঙ্গা (কুর্তি পাড়া) গ্রামের আমিনুল ইসলামের ছেলে আসাদুল হক (৭) পানিতে ডুবে মারা গেছে। সাপাহার উপজেলার ৫নং পাতাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেন।
এলাকা সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল হাবিবা। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে হাবিবা উঠানের পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবিবার স্বজনরা জানান, সকাল ১০টার দিকে বাড়িতে সাংসারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাবিবা। একপর্যায়ে উঠানে হাবিবাকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে স্থায়ীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে জানান।
সাপাহার থানার ওসি হুমায়ুন কবির জানান, একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় আলাদা দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।























