অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানবাধিকার কমিশনের মানববন্ধন!
- আপডেট সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানবাধিকার কমিশনের মানববন্ধন!
নাটোর প্রতিনিধিঃ
অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানবাধিকার কমিশনের মানববন্ধন! নাটোরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছে বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখা। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শহরের কানাইখালীস্থ প্রেসক্লাব এলাকায় অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবীর বর্দ্ধন মুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সভাপতি এড. সোহেল রানা, নাটোর জেলা কমিটির উপদেষ্টা অশোক ভদ্র, সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক ইউনিক প্রেসকালাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাদেশ মানবধিকার কমিশনের সদর উপজেলা কমিটির সভাপতি এড. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, লালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বড়াইগ্রাম উপজেলা উপজেলার সহসভাপতি পারুল আকতার প্রমুখ। এছাড়া মানববন্ধন চলাকালে বিভিন্ন উপজেলা থেকে আসা মানবাধিকার কর্মীরাও বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার প্রধানের হুঁশিয়ারী সত্বেও মাটি খেকো দস্যুরা নাটোর জেলা জুড়ে অবৈধ পুকুর খননের মহোৎসব শুরু করেছে। মহোৎসবের সাথে ক্ষমতাশীন দলের নেতাকর্মী, সাংবাদিক ও অসৎ কতিপয় সরকারী কর্মকর্তা কর্মচারী এবং মাটি খেকো ব্যবসায়ী জড়িত। এরা মসজিদ, মাদ্ররাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এবং স্কুল ও ইটভাটার কথা বলে দেদারসে বিভিন্ন মানুষের কাছে মাটি বিক্রয় করছে। এক ট্রাক্টর মাটির দাম ১৫শত থেকে ২হাজার টাকা দামে বিক্রি করছে।
বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে নাটোর জেলার সকল উপজেলার অধিকাংশ ইউনিয়ানে সিন্ডিকেট করে ফসলি জমিতে মাটি খনন অব্যাহত রয়েছে। এদের বাধা বা নিষেধ করতে গেলে সাধারণ মানুষকে হুমকি সহ বিভিন্ন ভাবে লাঞ্চিত হচ্ছে। অবৈধ চক্র শক্তিশালী হয়ে সমাজের অবক্ষয় টেনে আনছে। কোন কোন স্থানে ইউএনও অথবা এসিল্যাল্ড মহোদয়রা এস্কেভেটর(ভেকু) মেশিনের ব্যাটারী, এস্কেভেটর জব্দ করলে কয়েক ঘন্টার মধ্যে মুচলেকা প্রতিজ্ঞাপত্র দিয়ে তা ছাড়িয়ে নিচ্ছে। পরে আবারও জমিতে পুকুর খনন করছে।এগুলো ছাড়াও মাটি ব্যবহারের প্রধান কারখানা ইট ভাটা।
মানববন্ধন শেষে বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।























