রাজশাহীতে সাবেক ও বর্তমান এমপি গ্রুপের সংঘর্ষে আহত ৭!
- আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাবেক ও বর্তমান এমপি গ্রুপের সংঘর্ষে আহত ৭!
এম এম মামুন:
রাজশাহীতে সাবেক ও বর্তমান এমপি গ্রুপের সংঘর্ষে আহত ৭! রাজশাহী-৫ আসনের এমপি মুনসুর রহমান ও সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ৭ জন।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বরে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি বক্তব্য রাখেন। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় খুটিপাড়া এলাকার সাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিস কালাম গ্রুপের মধ্যে তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় এমপি ও সাবেক এমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দফায় স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।





















