নলডাঙ্গায় রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু!
- আপডেট সময় : ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ২২৫ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু! নাটোরের নলডাঙ্গায় রেল সেতুৃ পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মোঃ সোহেল রানা (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় সেতু থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন মোঃ আলম হোসেন (৩০) নামে অপর এক শ্রমিক।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই সেতুর উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা পৌরসভার পুর্ব সোনাপাতিল সাকিদারপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে এবং আহত আলম একই মহল্লার মোঃ ইদ্রিস আলীর ছেলে।
নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে কর্মরত পোর্টার মোঃ মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, সোহেল রানা ও আলম দুইজনই পেশায় রাজমিস্ত্রি। আজ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তারা বারনই নদীর ওপর রেল সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে নলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে আসছিলেন। এসময় ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন হুইচেল দিয়ে সেতুতে প্রবেশ করে। এ অবস্থায় আলম সেতু থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেও নিচে পড়ে আহত হন আর সোহেল রানা ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং বিষয়টি তাৎক্ষনিক ভাবে রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসিকে জানানো হয়। তারা আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে গেছেন।
রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।




















