সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সোলায়মান আলী (৬৫) ও তার স্ত্রী আফরোজা বেগমের (৬২) মৃত্যু হয়েছে। তারা উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর (রোববার) রাত ৯টার দিকে বাড়িতে কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে আগে থেকে লিকেজ হওয়া এলপিজি সিলিন্ডারের গ্যাসে আগুন ধরে যায়। এতে আফরোজা অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন।
স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে তাকে উদ্ধারের জন্য ছুটে যান সোলায়মান আলী। এ সময় তিনিও অগ্নিদগ্ধ হন। পরে রাতেই তাদের দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টার দিকে সোলায়মান আলীর মৃত্যু হয়। ওই দিনই তার মরদেহের সঙ্গে আফরোজাকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়।
অগ্নিদগ্ধ আফরোজা বেগম বাড়িতে অবস্থান করছিলেন। রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।






















