পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল
- আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৭ জন নারীকে দুটি করে মা ছাগল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করেছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।
ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী এবং আরডিআরএস বাংলাদেশের পঞ্চগড়ের ম্যানেজার ইউনিয়ন ফেডারেশন অপূর্ব দুবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার, সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলামসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রকল্পের আওতায় ১৭ জন অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীর হাতে দুটি করে মা ছাগল তুলে দেন। আয়োজকদের আশা, ছাগল পালন ও বংশবিস্তারের মাধ্যমে এসব নারী ভবিষ্যতে আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।





















