সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট
- আপডেট সময় : ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২ নম্বর আখানগর ব্যারিস্টার স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সড়কটির অধিকাংশ অংশই খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও উঠে গেছে পিচের আস্তরণ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এদিকে আখানগর ব্যারিস্টার স্কুলের কাছাকাছি সড়কের একটি কালভার্টের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গর্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা শাহীন, শাহাজানসহ কয়েকজন জানান, সড়কটি দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের দাবি জানান তারা।
এ বিষয়ে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি ও ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, “সড়কটি সংস্কারের জন্য তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করি, খুব দ্রুত কাজ শুরু হবে।”
এলজিইডির রুহিয়া উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মাবুদ হোসেন জানান, সড়কটির মূল স্টিমেট ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়া গেলেই দ্রুত সড়ক ও কালভার্টের কাজ শুরু করা হবে।






















