পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ
- আপডেট সময় : ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সীমান্ত এলাকার ৩০ জন বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি।
একই সঙ্গে সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।



















