বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা
- আপডেট সময় : ০২:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা
চোখের বিশেষ সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সুবিধা পেয়ে খুশি স্থানীয়রা
নাটোরের বাগাতিপাড়ায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস-২০২৬ উপলক্ষে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলার পেড়াবাড়িয়া বাজার এলাকায় “দি এইম ক্লাব”-এর আয়োজনে এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি চোখের বিশেষ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
চিকিৎসাসেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফাতেমা আক্তার এবং নাক-কান-গলা ও হেড-নেক সার্জারির বিশেষজ্ঞ ডা. সোহানুর রহমান। চক্ষু পরীক্ষায় সহযোগিতা করেন অপ্টোমেট্রিস্ট মো. হুমায়ুন কবির।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সোহানুর রহমান বলেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করে।
চিকিৎসা নিতে আসা এইচএসসি পরীক্ষার্থী দিয়া বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন। চিকিৎসকরা যত্নসহকারে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন, যা তাকে সন্তুষ্ট করেছে।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. ইসমাইল হোসেন বলেন, এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।









