মোহনপুরে অন্তঃস/ত্ত্বা নারীকে মা/রপি/টের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
- আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

মোহনপুরে অন্তঃস/ত্ত্বা নারীকে মা/রপি/টের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার দাবি; আহত নারী রামেক হাসপাতালে চিকিৎসাধীন
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাবার বাড়িতে সন্তান প্রসবের জন্য আসা পাপিয়া আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ওই নারী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত নারীর ভাই আকাশ আলী বাদী হয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পাঁচজনকে আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার করিশা গ্রামের বাসিন্দা আকাশ আলীর পরিবারের সঙ্গে একই গ্রামের কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আকাশ আলীর দোকানঘর ভেঙে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় আকাশ আলী প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আকাশ আলীর চিৎকার শুনে তার ৮ মাসের অন্তঃসত্ত্বা বোন পাপিয়া আক্তার ঘটনাস্থলে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, তখন প্রতিপক্ষের কয়েকজন তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং পরে শারীরিকভাবে আক্রমণ চালান।
পরিবারের দাবি, হামলাকারীরা পাপিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নারীর স্বামী আবু হানিফ বলেন, “আমার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। ভাইয়ের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















