রাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান
- আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে

রাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান
গোদাগাড়ী-তানোরে এবি পার্টির প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনীর টানা মাঠপর্যায়ের প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে তরুণ প্রজন্মকে রাষ্ট্রগঠনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় তার প্রচারণা আরও গতিশীল হয়ে উঠছে। প্রতিদিন লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এবি পার্টির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।
বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের লক্ষ্য করে উন্নয়ন, সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বার্তা দিচ্ছেন তিনি। “রাষ্ট্র হবে জনতার”—এবি পার্টির এই স্লোগানকে সামনে রেখে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান বলে জানান তিনি।
সামগ্রিক ভোট পরিস্থিতি বিবেচনায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রাজশাহী-১ আসনে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ক্যাম্পাস আড্ডা ও চায়ের দোকানগুলোতেও প্রার্থী ও প্রতীক নিয়ে আলোচনা বাড়ছে।
এবি পার্টির প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন,
“এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন,
“জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়াই এবি পার্টির মূল লক্ষ্য।”
স্থানীয়দের মতে, একাধিক প্রার্থীর সক্রিয় অংশগ্রহণে রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে এবি পার্টির প্রার্থীর ধারাবাহিক মাঠপর্যায়ের প্রচারণা ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।




















