ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
- আপডেট সময় : ০১:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
নির্বাচন ঘনিয়ে আসতেই প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট হচ্ছে—নাটোরে এনসিপি মুখপাত্রের অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য সফল করা আমাদের সবার দায়িত্ব। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর–৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন যত কাছে আসছে, প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে।”
প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন—পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাইছেন। এটি একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।”
তিনি অভিযোগ করে বলেন, ১১–দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। “অথচ বিএনপি প্রার্থীকে শোকজ করার কারণে আমরা দেখছি, সেই অফিসারকে সঙ্গে সঙ্গেই প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলেই এখন সরকারি কর্মকর্তারাও ধানের শীষের ভোট চাইছে।”
আসিফ মাহমুদ আরও বলেন, “প্রশাসনকে ব্যবহার করে আবার যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, মনে রাখবেন শেখ হাসিনার মতো আপনারা পার পাবেন না। গত তিনটি নির্বাক পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন নাটোর–৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১–দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


















