চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়তে দাড়িপাল্লায় ভোট চান আবুল কালাম আজাদ
- আপডেট সময় : ০৯:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়তে দাড়িপাল্লায় ভোট চান আবুল কালাম আজাদ
নাটোর-১ আসনে দিনভর গণসংযোগে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজব্যবস্থা গড়তে ন্যায় ও ইনসাফ প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হাট-বাজার, বাড়ি বাড়ি, মাঠে গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমি বিজয়ী হলে সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে কাজ করব। সে জন্য দোয়া, সমর্থন এবং ব্যালটের সিলের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই।”
তিনি আরও বলেন, “আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা চাই সুশাসনে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করতে।”
সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে আসবে। এতে একটি পরিবারের মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে, যা যেকোনো সহায়তা কর্মসূচির চেয়েও সম্মানজনক ও টেকসই সমাধান।
নির্বাচনের পরও জনগণের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, “নির্বাচন থাকুক বা না থাকুক, আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং থাকব। ফলাফল যাই হোক, ইনশা আল্লাহ সেবার মাধ্যমে জনগণের পাশে থাকব।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করাই তাদের লক্ষ্য।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।




















