ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাস–লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৭
- আপডেট সময় : ০২:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাস–লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৭
সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় দুর্ঘটনা, দুই চালকের অবস্থা গুরুতর
ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, তেলবাহী লরির চালক ও পৌর শহরের শাহাপাড়া এলাকার প্রভাত রায়ের ছেলে বিশ্বাস রায় (৪৫), হানিফ পরিবহনের চালক ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাটালিয়া গ্রামের বাসিন্দা মো. শামসুল হক (৩৫), বালিয়াডাঙ্গী উপজেলার মফিজুল ইসলামের ছেলে তারেক আলী (২৬), শাহাপাড়া এলাকার নাজিমউদ্দীনের ছেলে তৈয়বুর রহমান (৬০), মুসলিমনগর এলাকার জাবেদ আলীর ছেলে আইজার রহমান (৪০), বালিয়াডাঙ্গী উপজেলার আলামিনের ছেলে রিপন ইসলাম (৪২) এবং দিনাজপুরের বীরগঞ্জ পলাশবাড়ী এলাকার আবুল কালামের ছেলে শাহা আলম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঘন কুয়াশার কারণে হানিফ পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাস ও লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুই চালকের অবস্থা গুরুতর হওয়ায় বাসচালক মো. শামসুল হকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, সকালে কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি বাস ও তেলবাহী লরি দুমড়ে-মুচড়ে গেছে।
আরেক স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের পরপরই আশপাশের লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসে। কুয়াশার কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, এক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










