সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে ৪ কারখানাকে জরিমানা
- আপডেট সময় : ০৩:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে ৪ কারখানাকে জরিমানা
ঢাকা উত্তর সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে চারটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় অসাধু ব্যবসায়ীরা টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করছিল। এতে এলাকায় মারাত্মক বায়ু ও পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছিল এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে চার কারখানা মালিককে মোট নগদ চার লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দ্রুত কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড এলাকা ঘোষণা করা হয়েছে। তাই এখানে কোনো অবৈধ ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না।”
অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন।




















