শেরপুরে জামায়াত নেতা হত্যাকারীদের বিচার জনগণের ওপর ছেড়ে দিলেন ড. শফিকুর রহমান
- আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে

শেরপুরে জামায়াত নেতা হত্যাকারীদের বিচার জনগণের ওপর ছেড়ে দিলেন ড. শফিকুর রহমান
নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, মানুষ হত্যাকারীরা কখনো জনসেবক হতে পারে না—জামায়াত আমীর
শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তিনি বলেন, “যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক—এটা আমরা চাই না।”
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনকে ঘিরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম। এর বিচার আপনারাই করবেন।”
কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন এবং সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পরে তিনি শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই জনসভায় শেরপুর জেলার তিনটি আসনের জামায়াত মনোনীত তিন প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াতের আমীর ড. শফিকুর রহমানকে এক নজর দেখার জন্য শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
















