দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মামী ও তার কিশোরী ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন এক নারী ও তার ১৭ বছর বয়সী ভাগ্নী। বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা অন্য একটি আশ্রয়ন প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় প্রতিবেশী পারভেজ তাদের জন্য চার্জারচালিত ভ্যানের ব্যবস্থা করার কথা বলে রাসেল, বিশ্বজিৎসহ কয়েকজনকে সেখানে ডেকে আনে। পরে পারভেজ, রাসেল ও বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সময় অজ্ঞাতনামা আরও চারজন অভিযুক্ত বাড়ির পাশের এলাকায় তার মামীর ওপর যৌন নির্যাতন চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন ১ জুন দুই ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী ১ জুন রাতে হাসপাতালে ভর্তি হন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে আলামত সংগ্রহ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, “এ ঘটনায় তিনজন নামীয় ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
















