মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন
- আপডেট সময় : ১০:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন
নওগাঁর মান্দায় ঈদযাত্রার পথে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্ঘটনায় নিহত ও আহত ১৫টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে মান্দা উপজেলার রাজেন্দ্র বাটি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫ জনের পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা ফেডারেশনের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের বেদনা গভীর ও অপূরণীয়। এমন সংকট মুহূর্তে তাদের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর। তারা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন, কারণ মানবিক সহমর্মিতাই পারে শোকের ভার কিছুটা হালকা করতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
শেষ পর্যায়ে নিহত ১০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং আহত ৫ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৫ মে ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ট্রাক উল্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মান্দা উপজেলার একাধিক প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হন, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলে।



















