রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অমিত হাসান নামে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) উপ-পরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির এবং কনস্টেবল আকাশ আহাম্মেদ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় যান। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।
অমিত হাসান চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করে। এ সময় এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণপিটুনি দেয়। তবে তাদের সঙ্গে থাকা আরও তিনজন প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতা আটক তিনজনকে একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে যায়। সেখানে তাদের আবারও মারধর করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও এক পুলিশ সদস্য কনস্টেবল আকাশ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিত হাসানের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) সকালে ভুক্তভোগী অমিত হাসান রূপগঞ্জ থানায় চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।



















