রাণীশংকৈলে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় মামলা, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় মামলা, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
সার বিতরণ নিয়ে উত্তেজনা; আহত কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক—৮ জনের নামে মামলা, তিন সদস্যের তদন্ত কমিটি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ৮ জনের নাম উল্লেখসহ আরও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করে রাণীশংকৈল থানা পুলিশ। একই সঙ্গে জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণ চলাকালে ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার দিচ্ছিলেন। এ সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার ৫ জন কৃষক নিয়ে যাওয়ার বিষয়টি দেখে অন্যান্য কৃষক উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখানে থেকে সরে যান।
পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ করলে তিনি আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। তখন ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন,
“আমার সহকর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চোখের সামনে একজন সরকারি কর্মকর্তাকে মারে ফেলার মতো পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক। মামলা হয়েছে, পাশাপাশি জেলা কৃষি অফিস তদন্ত কমিটি করেছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলমগীর কবিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং রাণীশংকৈল অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন,
“উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি ও অজ্ঞাত ১০–১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্ত চলছে, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”



















