রাজশাহীতে ট্রেনের ধা/ক্কায় ট্রাক বসতবাড়ির ওপর, আহত ৩
- আপডেট সময় : ০৯:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রেনের ধা/ক্কায় ট্রাক বসতবাড়ির ওপর, আহত ৩
কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে দুর্ঘটনা; দুইজন গুরুতর, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক ছিটকে বসতবাড়ির ওপর গিয়ে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এ সময় ট্রেন আসতে দেখে চালক ও হেলপার নেমে যান। ঠিক তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে বাড়ির ওপর পড়ে যায়। এ সময় বাড়ির ভেতরে শুয়ে থাকা তিনজন আহত হন। আহতদের মধ্যে দাদি ও নাতি গুরুতর জখম হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেল চলাচল স্বাভাবিক করা হয়।


















